spot_img
spot_img

এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

এক গ্রামও সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে বাইরে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।

মঙ্গলবার (২০ অক্টোবর) তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

রেজায়ি বলেন, ইরানের কোনো সমৃদ্ধ পারমাণবিক উপাদানই দেশের বাইরে নেওয়া হবে না। এসব উপাদান ইরানি জনগণের জন্য বড় সম্পদ ও জাতীয় সম্পদ এবং দেশের ভেতরেই ব্যবহারের জন্য রাখা হবে।

তিনি আরও বলেন, আমেরিকা আস্থা পুনর্গঠনের জন্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না। এ প্রক্রিয়া শুরু করতে হলে আমেরিকাকে প্রথমে ইরানের শর্তগুলো পূরণ করতে হবে।

ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতার মধ্যেই মুনির তেহরান সফর করেন। সফরে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাগের কালিবাফ ও রেজায়ির সঙ্গে বৈঠক করেন তিনি। পাকিস্তান ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার অন্যতম প্রধান বিরোধের জায়গা হচ্ছে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত। আমেরিকা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর দাবি জানিয়ে আসছে। এর বিপরীতে তেহরান সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তবে রেজায়ি দেশের ভেতরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমানোর সম্ভাবনা নাকচ করেননি। ইরান এর আগে এমন প্রস্তাব দিয়েছিল।

ইরানের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দেশটির পারমাণবিক কর্মসূচিকে সার্বভৌম অধিকার ও জাতীয় অর্জন হিসেবে তুলে ধরে আসছে। মঙ্গলবার রেজায়িও সমৃদ্ধ পারমাণবিক উপাদানকে ইরানের জনগণের ‘জাতীয় সম্পদ’ হিসেবে উল্লেখ করেন।

সূত্র: এএফপি, রয়টার্স, আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ