spot_img
spot_img

রিয়াদে হুথি বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হুথি বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। এ ঘটনার পর রিয়াদসহ সৌদি আরবের তিনটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়। পরে তিনটি অঞ্চল থেকেই তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে যাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ।

শনিবার (২৪ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রিয়াদের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব এলাকায় জরুরি বার্তা পাঠানো হয়। সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

পরে কর্তৃপক্ষ জানায়, তিনটি অঞ্চলেই তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে তা ধ্বংস করার কথাও জানিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ