রংপুরের গঙ্গাচড়ায় গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চুরির অভিযোগে তাদের আটক করে স্থানীয়রা মারধর করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের পুকুরখুড়ির দোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোহালী ইউনিয়নের মিনার বাজার এলাকার রেজাউল ইসলাম ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, বড়বিল ইউনিয়নের বাগপুর এলাকার ইজিবাইকচালক সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি করে পালানোর সময় বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়।
এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে পুকুরখুড়ির দোলা এলাকার একটি ক্যানেলের পাশে দুইজনকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, নিহত রেজাউল ইসলাম এর আগে একটি চুরি মামলায় জেল খেটেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।











