‘পতিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তবে দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশে অনেক বছর পর সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসাহ-উদ্দীপনাপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন সম্ভব হওয়া একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ পরিবেশ নিশ্চিত করতে যারা কাজ করেছেন, তাদের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতি ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পর্যন্ত মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছিল। কেন্দ্রীয়ভাবে প্রতিটি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। এর ফলে কোনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনা আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে।











