ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তীব্র ও বিতর্কিত মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। বিশ্ববিদ্যালয়টিকে ‘অমানুষদের জায়গা’ ও ‘একটা সিনিয়র মাদরাসা’ আখ্যা দিয়ে সেখানে ভর্তি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বর্তমান পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া? কেউ ভর্তি হওয়া উচিত না। একটা সিনিয়র মাদরাসা, অমানুষদের একটা জায়গা হয়েছে এটা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে? এটা কী শিক্ষা প্রতিষ্ঠান?
বিশ্ববিদ্যালয়টির সমালোচনা করে তিনি আরও বলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা এখন স্বাধীনতাবিরোধী, অমানুষদের একটা কারখানা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে? যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম, নিজামীর ছবি টাঙানো হয়, এরাই নাকি জাতির নেতা! সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো চিন্তাই করি না আমি।











