আগামীর সরকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এবং নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে তরুণদের ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভের জবাব দিতে এনসিপি প্রস্তুত।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছিল, আমরা এখনো চুপ করে আছি। আগামীর সরকার নাহিদ ইসলামের নেতৃত্বে ইনশাআল্লাহ গঠন হবে। আমাদের নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাআল্লাহ।
তরুণদের কর্মসংস্থান নিয়ে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এখানে অধিকাংশ মানুষ হলো তরুণ। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। সেই ভাগ্য পরিবর্তনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। আপনাদের মনে আছে, বিএনপি বলেছিল এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বরঞ্চ তারা গত ৮ মাসে এক কোটি তরুণের পেটে লাথি মেরেছে।
তিনি বলেন, আমরা সরকারকে বলব, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যদি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা না করতে পারেন, তাহলে বাংলাদেশে আমরা ক্ষমতায় গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে সরকার গঠন করব। আমরা তরুণদের দায়িত্ব নিতে বাংলাদেশে প্রস্তুত আছি।
ঢাকার উন্নয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা নতুন করে ঢাকাকে গড়ে তুলব। যেই ঢাকায় আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই ঢাকাতেই আমরা বসবাস করব। এই ঢাকাকে নতুন করে পরিবর্তন বিএনপি সরকার করতে পারবে না। কারণ তারা সিন্ডিকেট, চাঁদাবাজি, যে সন্ত্রাসের রাজত্ব রয়েছে, এটা ভাঙতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি, এখন সন্ত্রাসীদেরকে রেওয়ার্ড দেওয়া হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, অসংখ্য রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি থেকে আমরা একচুলও লড়ব না। বরঞ্চ আরও দ্বিগুণ গতিতে আমরা শহীদদের রক্তের প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন করব।
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আসছে। সেখানেও আমরা এককভাবে অংশগ্রহণ করব। অনেকগুলো সিটি করপোরেশনে আমাদের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। যারা কাউন্সিলর হতে চান, বিভিন্ন জায়গায় ইউনিয়ন মেম্বার হতে চান, যারা উপজেলা চেয়ারম্যান হতে চান, পৌরসভা মেম্বার হতে চান, আপনাদের এই দলে ওয়েলকাম। কারণ এই দলের সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক নেই, সন্ত্রাসের সম্পর্ক নেই, দুর্নীতির সম্পর্ক নেই, দখলদারিত্বের সম্পর্ক নেই, মাদকের সম্পর্ক নেই।
এনসিপির এ গণবিক্ষোভে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; মানবাধিকার ও বাকস্বাধীনতা পরিপন্থী সব ধরনের আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা; জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে তা অবিলম্বে কার্যকর করা। পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়া পুলিশ প্রধানকে অপসারণের দাবিও সমাবেশে তুলে ধরা হয়।











