spot_img
spot_img

তুর্কি সভ্যতায় নারীদের প্রভাবশালী ভূমিকার ঐতিহ্য রয়েছে: আমিনা এরদোগান

তুর্কি সভ্যতাগুলোর ইতিহাসে নারীরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান। তিনি বলেন, সদ্য প্রতিষ্ঠিত হাই অনারারি কাউন্সিলের লক্ষ্য হলো এই অভিন্ন ঐতিহ্যকে তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার সদস্য দেশগুলোর পরিবার ও নারী বিষয়ক ক্ষেত্রে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়া।

শুক্রবার (৩০ অক্টোবর) তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাজধানী আঙ্কারায় সফররত নেতাদের স্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফ্যামিলি অ্যান্ড উইমেন কাউন্সিলের হাই অনারারি কাউন্সিলের প্রথম বৈঠকে বক্তব্য দেন এমিনে এরদোয়ান। এ সময় তিনি বলেন, নারীদের প্রভাবশালী ভূমিকা পালনের বিষয়টি তুর্কি সভ্যতাগুলোর ঐতিহ্যের গভীরে প্রোথিত।

আমিনা এরদোগানের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার ১৩তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রপ্রধানদের স্ত্রী, পরিবার ও সামাজিক সেবা বিষয়ক মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতাশ এবং সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। তুর্কি বিশ্বজুড়ে পরিবার ও নারী বিষয়ক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করাই ছিল বৈঠকের লক্ষ্য।

অংশগ্রহণকারীদের উদ্দেশে এমিনে এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের কাউন্সিলকে সহযোগিতার একটি স্থায়ী প্ল্যাটফর্মে পরিণত করতে চাই। আজ আপনাদের সঙ্গে নিয়ে আমরা এখানে আঙ্কারায় আমাদের কাউন্সিল প্রতিষ্ঠার দিকে প্রথম পদক্ষেপ নিয়েছি।’

তিনি আশা প্রকাশ করেন, কাউন্সিলের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিত তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার ১৪তম শীর্ষ সম্মেলনের সময় অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিয়োয়েভের স্ত্রী জিরোয়াত মির্জিয়োয়েভা ওই সম্মেলনের আয়োজক হবেন।

আমিনা এরদোগান বলেন, ‘আমাদের যা করতে হবে, তা হলো এই অভিজ্ঞতাকে তুর্কি বিশ্বের জন্য একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে রূপ দেওয়া। সেই দৃষ্টিভঙ্গি আমাদের সমাজগুলোর সাংস্কৃতিক সংবেদনশীলতা, অগ্রাধিকার ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’

পরে শুক্রবার তুরস্কভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক বার্তায় তিনি আরও বলেন, ‘আমাদের কাউন্সিল প্রতিষ্ঠার পথে প্রথম পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা পরিবার ও নারীদের ক্ষমতায়নে আমাদের প্রচেষ্টাগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের সমাজের অদৃশ্য শক্ত ঘাঁটি পরিবারকে শক্তিশালী রাখা সম্ভব হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সহায়তা করার মাধ্যমে।’

অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রজ্ঞার মাধ্যমে সদস্য দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর গুরুত্বের ওপরও জোর দেন আমিনা এরদোগান। তুর্কি বিশ্বের নেতাদের অংশগ্রহণে আঙ্কারায় তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার ১৩তম রাষ্ট্রপ্রধান পর্যায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : ইয়েনি শফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ