অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে বাড়িতে অভিযান চালিয়ে আলজাজিরার সাংবাদিক মুনতাসের নাসসারকে আটক করেছে ইসরাইলি বাহিনী।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে হেবরন শহরের কাছে দুরা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের সময় তার চোখ বাঁধা ও হাতে হাতকড়া পরানো ছিল। পরে তাকে একটি সামরিক যানে তুলে নিয়ে যায় ইসরাইলি সেনারা। আটকের ভিডিওতেও তাকে চোখ বাঁধা ও হাতকড়া পরা অবস্থায় সামরিক যানের দিকে নিয়ে যেতে দেখা যায়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একই অভিযানে নাসসারসহ দুরা এলাকা থেকে ২১ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে আটক ২১ জনের তালিকায় সাংবাদিক মুনতাসের নাসসারের নামও রয়েছে।
এর আগেও সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি বাহিনীর হামলার শিকার হয়েছিলেন নাসসার ও তার ক্যামেরাপারসন। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর দুরা এলাকায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ৮৪টি অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে একজন সাংবাদিকের হেফাজতে মৃত্যু, একজনের গুলিবিদ্ধ হওয়া এবং ৭টি আটকের ঘটনাও রয়েছে।
এর আগে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর রামাল্লায় আলজাজিরার ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়ে সেটি ৪৫ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছিল ইসরাইলি বাহিনী। অভিযানের সময় কার্যালয় থেকে সরঞ্জাম ও নথিপত্র জব্দ করা হয়।
ফিলিস্তিনি ভূখণ্ডে সাংবাদিকদের ওপর ইসরাইলি বাহিনীর অভিযান ও আটকের ধারাবাহিকতার মধ্যেই আলজাজিরার সাংবাদিক মুনতাসের নাসসারকে আটকের এই ঘটনা ঘটল।
সূত্র: আলজাজিরা, ওয়াফা, রয়টার্স











