spot_img
spot_img

নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব: জামায়াত আমীর

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে স্বল্প বেতনে পোশাক শ্রমিকদের পক্ষে জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) দলের অফিশিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত এক ভিডিও বার্তায় পোশাক শিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় জামায়াত আমীর বলেন, বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এ আন্দোলনের কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে।

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, গতকাল গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার সন্তান পোশাক শ্রমিক তৌফিককে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি করছি।’

দেশের প্রধান রপ্তানি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, তৈরি পোশাক খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এলে দেশের পুরো অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সরকার এখনো সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম সরকার দ্রুত এই সমস্যার যৌক্তিক সমাধানে পৌঁছাবে। কারণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের পক্ষে জীবন ধারণ করা সত্যিই অসম্ভব। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে অবিলম্বে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা ঠিক যে শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এটাও সমভাবে সত্য যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে কালক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, ক্ষতির পরিমাণ ততই বাড়বে।’

অস্থিরতার সুযোগ নিয়ে কোনো তৃতীয় পক্ষ বা সুযোগসন্ধানী যেন ফায়দা লুটতে না পারে, সে জন্য সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান জামায়াত আমীর।

একই সঙ্গে শ্রমিকদের নিজেদের প্রতিষ্ঠান রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি, তবে নিজেদের প্রতিষ্ঠানকে অক্ষত রাখুন। কারণ শিল্প বেঁচে থাকলেই আপনারাও বেঁচে থাকবেন।’

পাশাপাশি কারখানার মালিকদের শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ