১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা করে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভারতে অবস্থান করে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের সূচনা করেছেন এবং বাংলাদেশে বসে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী এতে যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নে সবাইকে তাঁর পাশে থেকে কাজ করতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল ও নদী খননসহ নানা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদও ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে। বিএনপি এই সনদে স্বাক্ষর করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অতীতে জনগণের ওপর গুম, খুন ও ক্রসফায়ারের মতো নির্যাতন চালানো রাজনৈতিক শক্তিগুলো এখন এক জায়গায় আসছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। ১৯৯৬ সালের রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী যেভাবে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বর্তমানেও একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।











