spot_img
spot_img

শ্রমিকদের জন্য ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার

শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রাম শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে শ্রমজীবী মানুষের জন্য সরকারের বিশেষ পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের জন্য নির্ধারিত এসব হাসপাতালের নামকরণ ও নির্মাণপ্রক্রিয়া বিশেষভাবে তাদের চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় রেখেই করা হবে।

তিনি আরও বলেন, গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা অতীতে গণতান্ত্রিক সরকারের সময়ে যতটুকু গড়ে উঠেছিল, স্বৈরাচারের আমলে তা পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। এমনকি দেশের চিকিৎসাব্যবস্থা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে হতো।

বর্তমান সরকারের গণমুখী দৃষ্টিভঙ্গি ও দায়বদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। তাই শ্রমিকসমাজসহ দেশের প্রতিটি মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, কিছুদিন আগেই সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার এসব হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ