বিএনপি লাগাতার প্রচার চালিয়ে সংস্কারকে জামায়াতের একটি প্রকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। অথচ জামায়াত বাস্তবিক অর্থে কোনো সংস্কারপন্থী রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এনসিপি থেকে পদত্যাগ, জোটের রাজনীতি এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
সামান্তা শারমিন বলেন, বিএনপি আসলে চায় নাই যে এনসিপি প্রধান বিরোধী দল হোক। জামায়াতকে প্রধান বিরোধী দল রাখাটা বিএনপির জন্য প্রয়োজন। এটি বাংলাদেশের মানুষেরও প্রয়োজন ছিল না, এনসিপিরও প্রয়োজন ছিল না; কিন্তু বিএনপির জন্য এটি প্রয়োজন ছিল। বিএনপি লাগাতার প্রচার চালিয়ে সংস্কারকে জামায়াতের একটি প্রকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। অথচ জামায়াত বাস্তবিক অর্থে কোনো সংস্কারপন্থী রাজনৈতিক দল নয়।
তিনি বলেন, সংস্কারকামী নতুন কোনো রাজনৈতিক শক্তি সংসদে প্রধান বিরোধী দল হলে তাদের নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য কঠিন হতো। কিন্তু জামায়াতের সঙ্গে অতীতের জোট ও পুরোনো বোঝাপড়া থাকায় তাদের বিরোধী দল হিসেবে সামলানো বিএনপির জন্য সহজ।
তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের জোট ও পুরোনো বোঝাপড়া রয়েছে। ফলে সেই বোঝাপড়ার ভিত্তিতে বিরোধী দলকে নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য অনেক সহজ। এ কারণেই জামায়াতকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির একটি রাজনৈতিক প্রকল্প।
জামায়াতের রাজনৈতিক উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলে সামান্তা শারমিন বলেন, জামায়াত সরকার পরিচালনা কিংবা সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের জন্য উপযুক্ত নয়। তারা বড়জোর একটি সামাজিক সংগঠন হিসেবে কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। তবে তাদের মধ্যে প্রকৃত রাজনৈতিক ও গণতান্ত্রিক চরিত্র অনুপস্থিত।
এনসিপির রাজনৈতিক সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমি চেয়েছিলাম এনসিপি যেন সেই আত্মবিশ্বাসটা লালন করে যে তারাই প্রধান বিরোধী দল হবে এবং তারাই জোটে জামায়াতসহ অন্যদের নেতৃত্ব দেবে। কিন্তু দলটি শুরু থেকেই সেই আত্মমর্যাদা ও অবস্থান গ্রহণে চরম অনীহা দেখিয়েছে।
নির্বাচনি ফলাফল প্রসঙ্গে পদত্যাগী এই নেত্রী বলেন, জামায়াত একক শক্তিতে এত আসন পায়নি। এনসিপির উপস্থিতি না থাকলে জামায়াত কোনোভাবেই ১০ থেকে ১৫টির বেশি আসন পেত না এবং চতুর্থ স্তরের দলেই পরিণত হতো।
তিনি আরও বলেন, এনসিপির কারণে প্রতিটি আসনে যে ৫ থেকে ১০ হাজার ভোট অতিরিক্ত যুক্ত হয়েছে, মূলত সেই ভোটের ওপর ভর করেই জামায়াত এতগুলো আসনে জয় পেয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে সামান্তা শারমিন আক্ষেপ করে বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনমানুষের মূল প্রত্যাশা ছিল পুরোনো ও ঘুণে ধরা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন। কিন্তু এনসিপির মতো সম্ভাবনাময় দল সেই আকাঙ্ক্ষা ভুলে পুরোনো ব্যবস্থার সঙ্গে আপস করে তাতে একীভূত হয়ে গেছে। ফলে দলটি নিজেদের স্বকীয়তা ও রাজনৈতিক অবস্থান দুটোই হারিয়ে ফেলেছে।











