spot_img
spot_img

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ব্রিটেনের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল আমেরিকা

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ব্রিটেনে অবস্থিত দ্বিতীয় একটি সামরিক ঘাঁটি থেকেও নিজেদের বিমান সরিয়ে নিয়েছে আমেরিকা। সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে কয়েকটি সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়। এসব বিমানের মধ্যে আকাশে জ্বালানি সরবরাহে ব্যবহৃত একাধিক জ্বালানিবাহী বিমানও রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সোমবার সকালে দুটি জ্বালানিবাহী বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরে দিনভর আরও কয়েকটি সামরিক বিমান জার্মানি ও অন্যান্য সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়।

ইরানের পক্ষ থেকে আসা হুমকির ধরন নিয়ে আমেরিকার কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এটি তাৎক্ষণিক হামলার আশঙ্কা, নাকি সাধারণ নিরাপত্তাজনিত সতর্কতা, তা এখনো স্পষ্ট নয়।

আমেরিকার বিমানবাহিনী এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেয়নি। তবে তাদের ভাষ্য, সামরিক কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এর আগে গত মাসে ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের বোমারু বিমান সরিয়ে নেয় আমেরিকা। ওই ঘাঁটির কাছে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে তদন্ত শুরুর পর এ পদক্ষেপ নেওয়া হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকার বোমারু বিমানগুলো এই ঘাঁটি ব্যবহার করেছিল।

এদিকে, ব্রিটিশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ব্রিটেনসহ বিভিন্ন দেশে অগ্নিসংযোগ ও হামলা চালিয়েছে। এসব হামলার কয়েকটির লক্ষ্যবস্তু ছিল ইহুদি সম্প্রদায়ের মানুষ। মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে ব্রিটেনে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে সংঘাত অবসানের আশাবাদ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। এমনকি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘কার্যত শেষ’ বলেও মন্তব্য করেছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ