স্বৈরাচার নেত্রীর দেশে ফেরার স্বপ্ন যারা দেখছেন, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, আপনাদের নেত্রী বাংলাদেশে আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, তার আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। তিনি ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কাজ করছেন। ঠিক সেই সময়ে স্বৈরাচারের কিছু প্রেতাত্মা ও অনুসারী সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, আমাদের পুলিশ প্রশাসনের সকলের কাছে আহ্বান করব, আমাদের সকলকেই সতর্ক থেকে ওই স্বৈরাচারদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না, কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না।
নওগাঁ জেলা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের এক পাশে গ্যালারি থাকলেও অর্ধেকের বেশি জায়গায় গ্যালারি নেই। সবার আগে নওগাঁ জেলা স্টেডিয়ামে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি নির্মাণ এবং ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, শুধু নওগাঁ নয়, সারা বাংলাদেশের প্রায় ৫১টি জেলার স্টেডিয়াম আধুনিকায়ন, সংস্কার ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নের কাজ করা হবে। খুব শিগগিরই এসব কাজ শুরু হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে পরিকল্পিত কার্যক্রমগুলো সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। এ লক্ষ্যে ইতোমধ্যে ৩৭টি জেলা থেকে প্রায় ৫৩৫টি ইউনিয়নভিত্তিক মাঠের তথ্য পাওয়া গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার ইউনিয়নের মাঠের তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। তথ্য সংগ্রহের পর দ্রুত এসব মাঠে খেলাধুলা শুরু করতে চায় সরকার।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং নওগাঁ ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক প্রমুখ।











