২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাসহ ৪১ আসামির আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আজ শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
শুনানিতে অংশ নিতে মামলার গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন। ওইদিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ট্রাইব্যুনালে তুলে ধরেন। পরে আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
মামলায় হাসিনাসহ ৩০ জন পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন।
এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে ৫২ জনকে হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, মামলার আসামি জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে গত ১২ নভেম্বর নিরাপত্তা পরিস্থিতি ও হাতকড়া পরানোকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়। ওইদিন তাঁকে হাতকড়া, সুরক্ষাবর্ম ও হেলমেট পরানোর চেষ্টা করা হলে তিনি আপত্তি জানান। পরে হাতকড়া ছাড়াই তাঁকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে এর আগে তাঁকে সরাসরি হাজির না করে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হচ্ছিল।











