spot_img
spot_img

নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, ১২ ঘণ্টায়ও মামলা হয়নি

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হওয়ার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিখিত অভিযোগ বা মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

এদিকে হত্যাকাণ্ডের পর থেকে গোটা এলাকায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, নিহত কৃষক দল নেতার লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ না পেলেও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা চালান। এ সময় হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালায়।

খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে এগিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালায় এবং একটি গাড়ির নিচে পিষে ফেলে পালিয়ে যায়। পরে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে রাজুর লাশ উদ্ধার করেন।

নিহত রাজু মোল্লা উপজেলার বাকপুরা গ্রামের মুক্তার মোল্লার ছেলে। কৃষক দল নেতার হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতালে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রাজু মোল্লাকে একা পেয়ে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভার আয়োজন করেছে।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুলিশের কাজের কিছু সমালোচনা থাকতেই পারে। সেই বিষয়গুলো মাথায় রেখেই পুলিশকে কাজ করতে হয়। ঘটনার রাতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, কৃষক দল নেতা রাজু মোল্লার ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। এ ঘটনায় ইতোমধ্যে ২০ জনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ