spot_img
spot_img

রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা করেছে মিয়ানমার, ক্ষতিপূরণের নির্দেশ আন্তর্জাতিক আদালতের

মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত গণহত্যার জন্য দেশটিকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রদান, নিজ ভূমিতে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত এবং গণহত্যায় জড়িতদের বিচারের ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার দায়ের করা মামলায় ১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করার পক্ষে রায় দেন।

আদালত বলেছেন, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের নামে মিয়ানমারের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে যে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতন চালিয়েছে, তা ছিল গণহত্যা। এসব অপরাধের উদ্দেশ্য ছিল উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করা।

রায়ে বলা হয়েছে, ওই অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে হত্যা করে। আদালত জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার হিসাবকে প্রমাণসমর্থিত বলে গ্রহণ করেছেন। এ ছাড়া নারী ও শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন, ব্যাপক যৌন সহিংসতা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জন্মরোধের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রমাণও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

আদালতের মতে, এসব কর্মকাণ্ডকে শুধু নিরাপত্তা অভিযান হিসেবে ব্যাখ্যা করার সুযোগ নেই। রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যই ছিল মিয়ানমারের এসব কর্মকাণ্ডের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা। এর মাধ্যমে দেশটি ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ লঙ্ঘন করেছে।

রায়ে ১০-৫ ভোটে আদালত সিদ্ধান্ত দেন, মিয়ানমারের গণহত্যার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণের দায়িত্ব দেশটির। যেসব ক্ষতি পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে পূরণ করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

একই সঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষতিগ্রস্তদের হারানো বা ধ্বংস হওয়া সম্পত্তি ফিরিয়ে দেওয়া কিংবা প্রতিস্থাপন, বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলিত করা এবং শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে মিয়ানমারকে।

এ ছাড়া নিখোঁজ রোহিঙ্গাদের সন্ধান, নিহতদের মরদেহ শনাক্ত ও মর্যাদার সঙ্গে দাফনের ব্যবস্থা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক এখনো নির্ধারণ করেননি আদালত। পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি নির্ধারণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসনে নেওয়া পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে মিয়ানমারকে।

গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে বিচার ও শাস্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ভবিষ্যতে এ ধরনের গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও বলেছেন, গণহত্যার প্রমাণ নষ্ট করে এবং তদন্তে বাধা সৃষ্টি করে মিয়ানমার ২০২০ সালে আদালতের দেওয়া অন্তর্বর্তী নির্দেশও লঙ্ঘন করেছে।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং ব্যাপক নির্যাতনের শিকার হয়ে নিজেদের শত বছরের বসতভিটা ছেড়ে পালিয়ে আসেন তারা। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রিত রয়েছেন।

রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত এ গণহত্যার বিচারের দাবিতে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হলো।

মামলার শুরুতে মিয়ানমারের পক্ষে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন দেশটির তৎকালীন বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি। মিয়ানমার বরাবরই রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছিল।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ রায়কে রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তিদের জন্য ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেছেন।

আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়ন, গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং রোহিঙ্গা মুসলিমদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

সূত্র: আন্তর্জাতিক বিচার আদালত, জাতিসংঘ, রয়টার্স।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ