পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে অবস্থিত মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত আদালতের ফটকের সামনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে প্রথমটি বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। বিস্ফোরণের বিকট শব্দে আদালত ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, উপজেলা চত্বরে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। তবে প্রাথমিকভাবে ককটেলগুলো পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।











