spot_img
spot_img

গণভোটের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা সম্ভব নয়: চরমোনাই পীর

জুলাই বিপ্লবের পর গণভোটে বাংলাদেশের মানুষ যে উদ্দেশ্যে রায় দিয়েছে তা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

তিনি বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে কখনো দেশ পরিচালনা করা সম্ভব নয়। জনগণের মতামতকে সম্মান করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোলা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর থেকে যাদেরই আশা-আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতায় বসানো হয়েছে তারা কেউই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। বরং ক্ষমতার অপব্যবহার করেছে। একইভাবে ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা যে উদ্দেশ্যে রক্ত দিয়ে শহীদ হয়েছেন সেই উদ্দেশ্যও বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ বিষয়ে সরকারের কোনো কর্ণপাত নেই। গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় আদৌ বাস্তবায়ন হবে কি না সে বিষয়ে সরকারকে স্পষ্ট ঘোষণা দিতে হবে।

আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড করেছে তার পেছনে দেশপ্রেমের অভাব রয়েছে। দেশপ্রেম ঈমানের অঙ্গ।

তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বন্ধুদের বলতে চাই, আমরা বিভিন্নভাবে দেশ পরিচালনার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আসুন, সত্যিকারের দেশপ্রেম বুকে ধারণ করে সবাই মিলে দেশ পরিচালনা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ