spot_img
spot_img

গঙ্গা চুক্তি ও হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে অবস্থান বদলাতে নারাজ ভারত

গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আগের অবস্থানেই রয়েছে ভারত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও নবায়ন নিয়ে স্পষ্ট কোনো রূপরেখা দেয়নি দিল্লি। একইভাবে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের কোনো নতুন অগ্রগতির কথাও জানায়নি দেশটি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগের বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য দেননি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে বাংলাদেশকে নিয়ে ভারত ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের পেছনে দিল্লিতে অবস্থানরত ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে। এ বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের মুখপাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।

হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য বা আপডেট নেই। আগের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যই এ ক্ষেত্রে প্রযোজ্য বলে জানান তিনি।

এদিকে আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা বা অগ্রগতির বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদী ও পানিসম্পদ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকায় ভারতীয় ও বাংলাদেশের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্ভাব্য যৌথ নদী কমিশনের বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নাকি শুধু কারিগরি পর্যায়ের আলোচনা হবে, এমন প্রশ্নেও স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তার কাছে আপাতত নতুন কোনো তথ্য নেই। তবে খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এটি সাময়িকভাবে নবায়ন করা হবে নাকি নতুন চুক্তি হবে এবং নবায়নের ক্ষেত্রে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ প্রয়োজন কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল আগের সংবাদ সম্মেলনগুলোর বক্তব্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গঙ্গার পানি বণ্টন ও চুক্তি নিয়ে গত কয়েকটি সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন। এর বাইরে নতুন কিছু যোগ করার নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ