দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। এসব হামলায় গোলাবর্ষণ ও মেশিনগানের গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।
শনিবার (২১ নভেম্বর) এসব হামলা চালানো হয়। এনএনএর প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়েহ আল-ফাওকার দেইর মহল্লায় একটি বাড়ির ছাদে ইসরাইলি ড্রোন বিস্ফোরিত হয়। একই জেলার শৌকিন এলাকায় একটি সমবায়ের কাছেও শনিবার ভোরে আরেকটি ড্রোন বিস্ফোরিত হয়।
জাওতার আল-শারকিয়াহ এলাকায় আবাসিক মহল্লাগুলোতে মেশিনগানের গুলিবর্ষণের সময় ইসরাইলি সামরিক যান চলাচল করেছে।
রাতভর মেইফাদুন, জাওতার ও নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে বিরতিতে বিরতিতে গোলাবর্ষণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। একই সময়ে জাওতার ও কফারতাবনিতের মধ্যবর্তী এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
বিনত জিবাইল জেলার বারাশিত এলাকায় শনিবার ভোরে মেশিনগানের গুলি চালায় ইসরাইলি বাহিনী। এ সময় সামরিক যানগুলো শহরের উপকণ্ঠ দিয়ে চলাচল করছিল।
এদিকে, মারজাইউন জেলার খিয়াম এলাকায় আল-শারিকা পাহাড়ে রাতভর জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইলি বাহিনী। আশপাশের এলাকায় সামরিক যান চলাচলের শব্দও শোনা গেছে।
গত ২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত জুনে লেবানন ও ইসরাইলের মধ্যে আমেরিকার মধ্যস্থতায় একটি সমঝোতা কাঠামো কার্যকর হওয়ার পরও এসব হামলা চলছে।
ওই সমঝোতা কাঠামোর আওতায় নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা, দখলকৃত এলাকাগুলো থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং নিরাপত্তার দায়িত্ব গ্রহণের জন্য লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর (এমইএমও)











