বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে দেশ ছেড়ে পালানোর পরও রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে নিষিদ্ধ আ’ লীগ।
রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিদেশে বসে এআই ব্যবহার করে অসত্য ছবি ও তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এসব অপতৎপরতা মোকাবিলায় সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে দেশ ছেড়ে পালানোর পরও রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সে সময় নয়াপল্টন অবরুদ্ধ করে রাখা হতো। এমনকি সেখানে আসা শিক্ষকদেরও গ্রেপ্তার করা হতো। ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভিন্নমত দমনের চেষ্টা করা হয়েছে।











