ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি নিন্দা জানান।
শফিকুর রহমান বলেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
তিনি বলেন, একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ বিষয়ে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর মা-বাবা অবস্থান করছিলেন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও এ ঘটনায় পরিবারের নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।











