spot_img
spot_img

ডিসেম্বর ঘিরে কোনো অবৈধ ব্যক্তি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না: বিজিবি

ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত দিয়ে কোনো অবৈধ ব্যক্তি বাংলাদেশে প্রবেশ বা দেশ থেকে বের হতে পারবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, সারা বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান এবং অবৈধ ব্যক্তিদের যাতায়াত, যাতে এক দিক থেকে অন্য দিকে যেতে না পারে, তা নিশ্চিত করা বিজিবির দায়িত্ব।

সীমান্ত দিয়ে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। এ জন্য সরেজমিনে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে কারও অবৈধভাবে আসা বা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষাব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বিজিবির মহাপরিচালক কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দফতরে যান। সেখানে কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তাব্যবস্থা, টহল কার্যক্রম ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে তিনি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন।

সেখানে তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সীমান্তের স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ