spot_img
spot_img

নদীতে লাশ যেন ভাসতে না পারে, তাই পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বাঁধার বর্ণনা ট্রাইব্যুনালে

নদীর বুকে ভাসত না লাশ। ভেসে উঠত না হত্যার চিহ্ন। এজন্য মানুষ হত্যা করেই ক্ষান্ত হতেন না তারা। গুলি চালানোর পর পেট কেটে বের করা হতো নাড়িভুঁড়ি। এরপর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে উঠে এসেছে এমনই নৃশংস বর্ণনা।

ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় করা এ মামলায় প্রসিকিউশনের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শুরু হয় মঙ্গলবার (২৪ নভেম্বর)। এদিন বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুরুতেই মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এরপর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান। পরে মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি বর্ণনা করেন তিনি।

জবানবন্দির এসব বর্ণনা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, মাই লর্ড এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।

হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে ট্রাইব্যুনালে তিনি বলেন, মানুষকে হত্যা করার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সেজন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় মানুষকে গুলি করার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার নৃশংসতাও সামনে আনেন তিনি। এ সময় একজন গুলি করতেন, আরেকজন পেট কাটতেন।

জিয়াউল আহসানের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেন ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র‍্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব হত্যাকাণ্ডে তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথাও উল্লেখ করেন এই কর্মকর্তা।

জবানবন্দিতে তিনি বলেন, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে অফিস চলাকালে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন জিয়াউল আহসান। পরে তাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান তিনি। সেখানে আগে থেকেই র‍্যাবের ইন্ট উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত করে রেখেছিলেন। ঢাকা থেকে আসা ইন্ট উইংয়ের সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরা একজন ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়।

সাক্ষী সাব্বির রহমান ওসমানীর বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে যায়। প্রায় তিন ঘণ্টা চলার পর ট্রলারের খোল থেকে হাত বাঁধা ব্যক্তিকে বের করে আনতে বলেন জিয়াউল আহসান। এরপর ওই ব্যক্তির গলা ও পায়ের কাছে দুটি সিমেন্টভর্তি বস্তা বেঁধে দেন র‍্যাবের চার সদস্য। তার মাথা ও কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করা হয়। এরপর তার পেট কেটে ফেলা হয়।

সাব্বির রহমান বলেন, একজন র‍্যাব সদস্য নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার সঠিকতা নিশ্চিত করতেন। পরে নদীতে জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা মেপে ট্রলারের গতি কমাতে বলতেন জিয়াউল আহসান। এরপর ইন্ট উইংয়ের চার সদস্যকে গুলিবিদ্ধ দেহটি সিমেন্টভর্তি বস্তাসহ পানিতে ফেলে দিতে বলতেন তিনি। ঘটনার পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। পথে পরিবেশ স্বাভাবিক করার জন্য জিয়াউল আহসান নিজেই বলেন, এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে গলফ করতে হবে।

২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বর্ণনা দেন সাবেক এই সেনা কর্মকর্তা। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি। তার জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা মরদেহটির ডিএনএ পরীক্ষা করে ব্যক্তিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয়েছিল।

ভুক্তভোগীদের নিয়ে যাওয়াসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে জবানবন্দিতে। সাব্বির জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল জানান, আলকাছ মাঝি গলফ অপারেশনসংক্রান্ত বিভিন্ন তথ্য চরদুয়ানী বাজারে বলে বেড়াচ্ছেন। এতে র‍্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এরপর আলকাছ মাঝিকে ‘সরিয়ে দেওয়ার’ নির্দেশ দেন তিনি।

শুধু চরদুয়ানীতেই নয়, সুন্দরবনেও এ ধরনের কার্যক্রম চালানো হয় বলে জানিয়েছেন সাব্বির রহমান। জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় তিনটি সুন্দরবনকেন্দ্রিক তথাকথিত এনকাউন্টার অভিযান পরিচালনা প্রত্যক্ষ করেন এই সাক্ষী। র‍্যাবে দায়িত্ব পালনকালে এসব ঘটনায় মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন বলে জবানবন্দিতে জানান তিনি। চাকরির ১৮ বছর পূর্ণ হলে র‍্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে আসেন তিনি।

প্রথম দিনের যুক্তিতর্কে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান প্রমুখ।

নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তার পক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ