প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন তা দেশের স্বার্থ বিবেচনা করেই দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।
ঐক্যের মধ্যে ফাটল কেন তৈরি হয়েছে, তা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায় ও গণভোটের রায় অস্বীকার করার পর থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা এবং বিষয়টি পাশ কাটিয়ে চাপা দেওয়ার জন্য সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় সংকট তৈরি হয়েছে। এসব বিষয় পরিষ্কার করতে হবে।
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দেওয়া সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শহীদের রক্ত ও অসংখ্য মানুষের পঙ্গুত্বের দায় রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হয়েছে এবং রায়ও দেওয়া হয়েছে। তিনি নিজেই বলতেন আইন সবার জন্য সমান এবং এ ধরনের ট্রাইব্যুনালও তাঁর সময়ে গঠন করা হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে রায় হওয়ার পর তিনি আপিল বা আবেদন করেননি।
ডা. শফিকুর রহমান বলেন, বিচারপ্রক্রিয়া চলাকালে তিনি দেশে আসেননি। আইনকে শ্রদ্ধা করলে তখনই তাঁর আসা উচিত ছিল। তাঁর মতে, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তিনি দেশকে নিজের বলে মনে করেন না এবং আইনকেও ভয় করেন। এখন তাঁর কোনো বক্তব্যই বিশ্বাস করার মতো নয়। এত মানুষ হত্যা ও পঙ্গু করার পরও মনে হচ্ছে তাঁর হত্যার ক্ষুধা শেষ হয়নি।
সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কিংবা সফলতা নিয়ে তিনি ব্যবচ্ছেদ করতে যাচ্ছেন না। তবে একটি স্বাধীন দেশের ভেতরে আরেকটি জেলাকে স্বাধীন ঘোষণা করার ঘটনা অবিশ্বাস্য। দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার আইনি কিংবা নাগরিক অধিকার কারও নেই। তাঁর ভাষায়, এ ধরনের কর্মকাণ্ড আইন ও সংবিধানের দৃষ্টিতে দেশদ্রোহিতা।
তিনি আরও বলেন, সেখানে নির্মমভাবে মানুষ হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ, থানা লুট ও থানায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এসবের মধ্য দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি।
নিষিদ্ধ আওয়ামী লীগকে সতর্ক করে জামায়াত আমীর বলেন, যে যুবসমাজ ও আপামর জনগণ তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল, তারা সবাই মারা যায়নি। তারা এখনো জীবিত রয়েছে। এসব হত্যাকাণ্ডের বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত তাদের ধৈর্য ধরতে হবে এবং বিচার হলে রায় মেনে নিতে হবে।
তিনি বলেন, তাঁদের নিরপরাধ নেতাদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। তখন তাঁরা কথা বলতে পারেননি এবং তাঁদের কথা বলার সুযোগও দেওয়া হয়নি। দেশের জনগণ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গত শুক্রবার রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং সিডনিতে পৌঁছান। সেখানে প্রথম রাতে বিশ্রাম নেওয়ার পর পরবর্তী দিনগুলোতে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন।
তিনি জানান, অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা কেমন আছেন, দেশ নিয়ে তাঁদের ভাবনা, স্বপ্ন, প্রস্তাব, পরামর্শ ও কষ্টের বিষয়গুলো জানাই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল। প্রবাসীরা খোলামেলাভাবে তাঁদের মতামত জানিয়েছেন এবং প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ২৪ নভেম্বর অন্য কোনো কর্মসূচি কিংবা দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য সময় রাখা হয়েছিল। তবে সাংগঠনিক প্রয়োজন ও দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে পোশাকশিল্প খাতে সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে সেখানে অবস্থান করা সমীচীন মনে করেননি। এ কারণে সময় বাঁচিয়ে দেশে ফিরে এসেছেন।











