spot_img
spot_img

পৃথিবীর কোথাও ফ্যাসিস্টরা রাজনীতিতে ফিরতে পারেনি, আওয়ামী লীগও পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল থেকে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পৃথিবীর কোথাও গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি রাজনীতিতে ফিরে আসতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে না।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের জনগণও দলটিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে না। ইতিহাস সাক্ষী, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে কিংবা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে পারেন। এ বিষয়ে সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

হাসিনার দেশে ফেরার বিভিন্ন ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পলাতক আওয়ামী লীগ নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতাকর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। এভাবে পলাতক নেতারা দেশে থাকা নেতাকর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। জনগণ তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো প্রাণহানি বা সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলে আওয়ামী লীগের আগের অপচেষ্টা ভণ্ডুল করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রম।

তিনি জানান, মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি চলমান বিচারিক প্রক্রিয়ার অংশ। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা করা হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট। তবে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে একটি মহল। তারা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ