আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় গোলাগুলি ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে রহিম মোল্লা ও আওলাদ মোল্লার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে সেলিম মোল্লা নামে একজন নিহত হন। তিনি চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও বিএনপি কর্মী রহিম মোল্লা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের অনুসারীদের মধ্যে গত কয়েক মাস ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।











