ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের আইনে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার প্রসিকিউশন পক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপনকালে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশার কথা জানান।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি সেনানিবাসে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের ব্যক্তিদের পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তিনি বলেন, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
যুক্তি উপস্থাপনের সময় অপর প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মামলায় প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এসব জবানবন্দির মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগের ভয়াবহতা ট্রাইব্যুনালে তুলে ধরা হয়।
এ ছাড়া মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রথম দিনের যুক্তি উপস্থাপনের একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, ৩৮ বছরের আইন পেশার জীবনে তিনি তিন খুন, সাত খুন ও বিডিআর বিদ্রোহের মামলাসহ বহু নির্মম ও ভয়াবহ মামলার অপরাধীদের দেখেছেন। কিন্তু জিয়াউল আহসানের মতো কাউকে দেখেননি।
তার নির্মমতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, রক্ত যেন গায়ে না লাগে সেজন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা হতো। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতো।
সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত বিভিন্ন নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।











