spot_img
spot_img

গাজ্জায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলা, এমএসএফের দুই কর্মী নিহত

গাজ্জার গাজা সিটিতে চিকিৎসাকেন্দ্রে হামলা চালিয়ে সীমান্তহীন চিকিৎসক সংস্থার (এমএসএফ) দুই নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এ নিয়ে গাজ্জায় ইসরাইলি হামলায় এমএসএফের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে গাজা সিটিতে এমএসএফ পরিচালিত একটি ক্লিনিকে এ হামলা চালানো হয়। শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।

এমএসএফ জানায়, নিহত দুই কর্মী ক্লিনিকটিতে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। হামলায় ক্লিনিকটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে সংস্থাটি।

বিবৃতিতে এমএসএফ আরও জানায়, তাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সংস্থাটির লোগো স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এসব স্থাপনার অবস্থান ইসরাইলি সেনাবাহিনীকে আগেই জানানো হয়েছিল এবং তাদের কাছে এসব অবস্থান পরিচিত ছিল।

সংস্থাটি নিহত সহকর্মীদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে হামলার দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।

এদিকে হামলার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসও নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি গাজ্জায় স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য ও ক্ষোভের বিষয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, যারা অন্যদের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে রাখেন, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের ওপর হামলা নয়। এসব হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

সূত্র: এমএসএফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

spot_img
spot_img
spot_img

সর্বশেষ