কক্সবাজারের মহেশখালীতে শিক্ষার্থীদের গোপন পিন পরিবর্তন করে সরকারের দেওয়া উপবৃত্তির টাকা আত্মসাতের দায়ে শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাজ থেকে নগদ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (১৩ জুন) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মহেশখালী কুতুবজোম তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মুহাম্মাদ রাশেদ (২৪) এবং স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট নাসির উদ্দিন (২২)। তারা দুইজন মিলে শিক্ষার্থীদের মোবাইল অ্যাকাউন্টের টাকা আত্মসাত করেন।
মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, নুরুল ইসলাম নামক একজন সচেতন অভিভাবক অভিযোগ করেন, খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মুহাম্মাদ রাশেদ ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা পেতে সহায়তার দায়িত্বে নিয়োজিত। এ সুবাদে তিনি মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট নাসির উদ্দিনের সহযোগিতায় গোপন পিন নাম্বার ব্যবহার করে শতাধিক শিক্ষার্থীর টাকা আত্মসাত করেছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তির টাকা প্রদান করছে সরকার। একটি নির্দিষ্ট গোপন পিন নাম্বারে সেই টাকা পৌঁছে দেওয়া হয়। সরকারের উপবৃত্তির টাকা দেওয়ার মাধ্যম ‘পিন নাম্বার’ যেন কাউকে দেওয়া না হয়, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।












