spot_img

দেশে ভ্যাকসিন উৎপাদনে আমরা খুব আগ্রহী: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশে ভ্যাকসিন উৎপাদনে আমরা খুব আগ্রহী। এ বিষয়ে চীন ও রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে।

শনিবার (২৬ জুন) বিকালে মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতি শীঘ্রই চীন থেকে ভ্যাকসিন আসছে। তবে গোপনীয়তার কারণে কবে এবং কী পরিমাণ ভ্যাকসিন আসছে সে বিষয়ে কিছু বলতে চাননি। রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিন আনার ব্যাপারে কথা হচ্ছে। তবে তাদের উৎপাদন ক্ষমতা বেশি নয় বলে পরিমাণটা খুব বেশি হবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। কিন্তু দেশে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই সর্বাত্মক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশে এখন সংক্রমণের হার প্রায় ২২ শতাংশ। অথচ মানুষ এখনো লকডাউন মানতে চায় না। নিয়মিতভাবে মাস্কসহ স্বাস্থ্যবিধি মানতে চায় না। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অন্যান্য দেশও কঠোরভাবে লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে লকডাউনে অর্থনীতিসহ বিভিন্নভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়; কিন্তু যতদিন অধিকাংশ মানুষকে টিকার আওতায় না আনা যাচ্ছে ততদিন এর বিকল্প নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ