spot_img

শিল্পখাতে ধারাবাহিক প্রাণহানি সামগ্রিক অব্যবস্থাপনার প্রতিফলন: মাওলানা ইউনুছ আহমাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর শোক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, শিল্পখাতে ধারাবাহিক জীবনহানী সামগ্রিক অব্যবস্থাপনার প্রতিফলন। শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির অপরিহার্যতা আবারও প্রমাণিত।

শুক্রবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট মহলকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানাচ্ছি।

তিনি আরও বলেন, একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলছে। যখন দুর্ঘটনা হয় তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু নিয়ম-নীতির কথা বলে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা এড়ানোর জন্য যে সতর্ক থাকা উচিত তা এসব কারখানা কর্তৃপক্ষ যথাযথভাবে প্রতিপালন করছে না।

মাওলানা ইউনুস আহমাদ বলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, কারখানাটির চতুর্থ তলার গেটে তালাবদ্ধ ছিল, যার ফলে এই দুর্ঘটনায় এতো মানুষের প্রাণহানি ঘটেছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায়। এর পিছনে কোনো ধরনের দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।

অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ