গত পাঁচ মাস আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হওয়ার পর এ পর্যন্ত কয়েক ডজন শিশুকে হত্যা করেছে দেশটির জান্তা সরকার। এছাড়াও বহু শিশুকে বিনা বিচারে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এমন হুঁশিয়ারি দিয়েছেন।
বিশ্বাসযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে জাতিসংঘের শিশু অধিকার কমিটি জানিয়েছে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ৭৫টি শিশু নিহত ও এক হাজার বিনা বিচারে আটক রয়েছেন।-খবর এনডিটিভির
এক বিবৃতিতে কমিটির প্রধান মিকিকো অতানি বলেন, মিয়ানমারের শিশুরা অবরুদ্ধ। তারা প্রাণহানির মতো বিপর্যয়ের মুখোমুখি। সামরিক অভ্যুত্থানের কারণে তাদের এমন শঙ্কায় পড়তে হয়েছে।
অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর বিক্ষোভ নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। বিক্ষোভে শিশুরাও অংশ নিয়েছে।
সামরিক বাহিনীও নৃশংসভাবে সেই বিক্ষোভ দমন করছে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। মিকিকো অতানি, অভ্যুত্থানে শিশুরা নির্বিচারে সহিংসতার মুখে পড়েছে। তাদের এলোপাতাড়ি গুলি করা হয়েছে এবং বিচারবহির্ভূতভাবে আটক করা হয়েছে। তাদের দিকে বন্দুক তাক করা হয়েছে, যেমন আচরণ তাদের বাবা-মায়ের সঙ্গেও করা হয়েছে।












