আফগানিস্তানের রাজধানী কাবুল বিজয় করেছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর মার্কিন দূতাবাস থেকে সব পতাকা নামিয়ে ফেলেছে আমেরিকা। আফগানিস্তানে এটি বিশ্বের অন্যতম বড় দূতাবাস। দূতাবাসের প্রায় সব কর্মীকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল রোববার (১৫ আগস্ট) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, মার্কিন দূতাবাস থেকে আমেরিকার সব পতাকা নামিয়ে ফেলা হয়েছে।
এদিকে যৌথ বিবৃতিতে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাবুলে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দর সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।











