spot_img
spot_img

আমরা নারী শিক্ষার বিপক্ষে নই; নিরাপত্তা নিশ্চিত করেই স্কুল খোলা হবে: আফগান সরকার

দীর্ঘ ২০ বছর পর পুনরায় আফগানিস্তানের শাসন ক্ষমতা গ্রহণ করেছে তালেবান। গত ১৪ আগস্ট কাবুল জয় করার পর দেশের নাগরিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তারা। এছাড়াও মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের সেনা কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকতাদের পাশাপাশি নারীদেরকে কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে দেশটির নতুন সরকারের পক্ষ থেকে।

এদিকে নারী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা চালু রেখে সহশিক্ষা বন্ধ করে দিয়েছে তারা। তবে দায়েশ আইএসআইএস এর অতর্কিত হামলায় বিপর্যন্ত পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) জার্মানির ম্যাগাজিন ডার স্পিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা মেয়েদের শিক্ষার বিপক্ষে নই। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করেই স্কুল খোলা হবে। তারা কীভাবে স্কুলে যাবে, আমরা কীভাবে তাদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারব, সেই বিষয়গুলো নিয়েই কাজ করছি।

তিনি বলেন, আমরা নারীদের কাজেরও বিপক্ষে নই। নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে। তারা কীভাবে কাজ করবে সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা একটি নীতিমালা তৈরি করছেন। এই নীতিমালা তৈরি হলেই নারীরা কর্মক্ষেত্রে ফিরতে পারবেন।

জানা যায়, গত শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে আফগানিস্তানে ছেলেদের জন্য স্কুল খুলে দেওয়া হয়। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অল্পসংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে নিরাপদ কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা ক্লাসে যাচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের ক্লাস করতে দেখা গেছে। তবে উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো যথেষ্ঠ নিরাপত্তার অভাবে এখনো খুলে দেওয়া হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ