পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বার বার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনো দিন করতে পারবে না। আর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
শুক্রবার (১৫ অক্টোবর) শরীয়তপুরের সখিপুরের চরভাগায় সখিপুর থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে সেই বিএনপি-জামায়াত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। এর মাধ্যমে তারা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আর যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশকে অস্থিশীল করতে চায়, তারা সাবধান হয়ে যান। এদের কাউকেই কোনো ছাড় দেয়া হবে না। আর আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নাই, বঙ্গবন্ধুর সৈনিকরা আন্দোলন করতে করতে এই পর্যায়ে এসেছে। আর বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো আপোষ করে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। এ দলে ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা করা যাবে না। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় দল ও দেশের ব্যাপক ক্ষতি হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বর্তমান বিশ্বে রোল মডেল।











