spot_img

শাসকরা প্লেনে ঘুরে বেড়ান, নিচে লস অ্যাঞ্জেলস দেখেন: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের দেশ যারা চালান, তারা প্লেনে চড়ে ঘুরে বেড়ান আর নিচে তাকালে লস অ্যাঞ্জেলস দেখেন। তারা উন্নয়নের গল্প শোনান, আমরা সিঙ্গাপুরের মত হয়ে গেছি। অথচ দেশে ক্ষুধার আগুন জ্বলে। আমাদের খাবার নাই।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্যের সহযোগী সংগঠন নাগরিক নারী ঐক্য, যুব ঐক্য এবং ছাত্র ঐক্য এই কর্মসূচির আয়োজন করে। এসময় প্রতীকীভাবে খালি পাতিল ও বাজারের ব্যাগ প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচির সমাপনী বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, একেকটা জিনিসের দাম আমাদের বাপ-দাদারা চিন্তা করেন পারেন নাই। আমরা নিজেরাও ভাবতে পারিনি কখনও। মরিচের দাম কত? লবণের দাম কত? আটার দাম কত? একটা জিনিসের নাম বলেন, যেটার দাম কমেছে। বাংলাদেশের ঘরে ঘরে আজ পাতিল খালি। চাল-ডাল বা তরকারি কিনে বাজারের ব্যাগ ভরার টাকা নেই। বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে বসেছে। তারা বলেছে, আগামী দুই সপ্তাহে দাম কমার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা বাঁচবো কী করে?

তিনি আরও বলেন, আমাদের মাথাপিছু আয় দেখানো হয়, আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হবো। অথচ আমাদের পেটে ক্ষুধার আগুন। করোনার সময়ে দেশে দুই কোটি মানুষ গরিব হয়ে গেছে। বাংলাদেশের বাজারে কোনো চাকরি নাই, নতুন কোনো কল-কারখানা নাই, এই দেশ চলে কীভাবে?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ