spot_img
spot_img

শিক্ষাব্যবস্থা নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক হিসেবে গড়তে পারেনি: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থা নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে পারেনি। সামনের দিনে আমরা তাদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে চাই। সেভাবে আমাদের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

বুধবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় চার নেতা হত্যাকাণ্ড: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ষড়যন্ত্র’ শীর্ষক সেমিনার এবং ইনস্টিটিউটে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া নতুন গবেষকদের পরিচিতি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এবারের সাম্প্রদায়িক হামলায় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে নতুন প্রজন্মরা, যাদের বয়স ১৩ থেকে ১৮ বা ১৯ এর মধ্যে। এই পরিবারগুলো ব্যর্থ হয়েছে তাদের মধ্যে মূল্যবোধ বা চেতনা জাগাতে। আমাদের রাজনীতি ব্যর্থ হয়েছে নতুন প্রজন্মকে তৈরি করতে। আর আমাদের শিক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে তাদের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মানুষ হিসেবে গড়ে তুলতে। আমাদের নিজেদের মধ্যে এই বোধ জাগ্রত করতে হবে যে সামনে আর ব্যর্থ হতে দেবো না কাউকে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার এবং জাতীয় চার নেতা যে বাংলাদেশ গড়তে সর্বোচ্চ আত্মত্যাগ করলেন সে বাংলাদেশ গড়ার জন্য যেরকম উপযুক্ত মানুষ হতে হবে সেভাবে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলবো আমরা। অন্য অনেক কিছুর ব্যর্থতাকে হয়তো অতিক্রম করা যায়, কিন্তু শিক্ষার যায়গায় যদি ঘাটতি পড়ে সেটা অনেক প্রজন্মেকে প্রভাবিত করে। সেটার প্রভাব অনেক সুদূরপ্রসারী।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যার উদ্দেশ্য হচ্ছে স্বাধীন দেশের আদর্শ-মূল্যবোধ দূর করে পাকিস্তানে ফিরিয়ে নেওয়া। যারা গণতন্ত্র, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক দেশ মেনে নিতে পারেনি তারাই এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ