ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এক অডিও বার্তায় জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছেন তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ।
ভাষণে আফগান জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, আফগানিস্তানের বেকারত্ব ও খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য তালেবান দায়ী নয় বরং দেশে বিদ্যমান সকল সমস্যা সাবেক সরকারের রেখে যাওয়া দায়।
পাশতু ভাষায় দেওয়া অডিও বার্তাটি আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।
আফগান প্রধানমন্ত্রী বলেন, তালেবান তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করেছে; কাজেই জনগণের উচিত তালেবান সরকারের প্রতি সমর্থন ঘোষণা করা।
মোল্লা হাসান আখুন্দ বলেন, অতীতে দেশে এতটা নিরাপত্তাহীনতা ছিল যে, দিন-রাত ২৪ ঘণ্টা মানুষকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে থাকতে হতো; কিন্তু এখন সারাদেশে পরিপূর্ণ নিরাপত্তা বিরাজ করছে। তিনি কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামি শাসনব্যবস্থা রক্ষা করার জন্য তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানান এবং আফগানিস্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গঠন করার লক্ষ্যে চেষ্টা চালানোর নির্দেশ দেন।











