spot_img
spot_img

মুরাদের বিরুদ্ধে ময়মনসিংহে মামলা

অশ্লীল ফোনালাপ ফাঁস ও ধর্ষণের হুমকির ঘটনায় সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে এই মামলার আবেদন করা হয়। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহা. বজলুর রহমান মামলার আবেদন গ্রহণ করে আদেশের জন্য পরবর্তী তারিখ নির্ধারণের জন্য রেখে দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক বলেন, জাইমা রহমানসহ বিভিন্ন নারীদের নিয়ে অশালীন কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন ডা. মুরাদ হাসান। এ ছাড়াও তিনি দেশের সব নারীকে অসম্মান করেছেন। সরকার তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়াতেই তার বিচার হয়ে যায়নি। দেশের প্রচলিত আইনে তার এই ঘৃণ্যতম অপরাধের শাস্তির দাবিতে এই মামলার আবেদন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আদালত এই মামলা আমলে নিয়ে অপরাধীকে বিচারের আওতায় আনবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ