বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই শেখ হাসিনা সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, জনগণ যখন কোনো সরকারকে চায় না তখন কোনো বিদেশী শক্তি তাকে রক্ষা করতে পারে না। যখন বিপদ আসবে পুলিশও তখন পাশে থাকবে না। জনগণই আমাদের শক্তি। সরকারকে বিদায় করতে পাড়া-মহল্লায় আন্দোলন গড়ে তুলুন। সাহস করে রাজপথে নামলে এ সরকার বিদায় নেবেই। তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই শেখ হাসিনা সরকারের পতন হবে, মুক্তি পাবেন গণতন্ত্রের মা, মানুষ ফিরে পাবেন ভোটাধিকারসহ সকল অধিকার।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বগুড়া জেলা বিএনপি আয়োজিত শহরের নবাববাড়ি রোডস্থ জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের চোখে ঘুম নেই। মার্কিন সরকার কিছু সরকারি কর্মকর্তা ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে। এতেই তারা আতংকিত। সামনে আরো বড় কাদের নাম আসবে তা দেখার অপেক্ষায় জাতি।
ক্ষমতাসীন দলের উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, গত ১২ বছরে অনেক অপকর্ম করেছেন, এখন জাতির কাছে ক্ষমা চান, বিএনপির সাথে ভালো ব্যবহার করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। আপনাদের সময় শেষ। সামান্য একটু ধাক্কা দিলেই পড়ে যাবেন।










