আফগান সরকারের ডেপুটি মুখপাত্র ও সাংস্কৃতিক কমিশনের সদস্য মাওলানা ইনামুল্লাহ সামানগনি বলেছেন, তালেবান সরকারের হাতে আফগান নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য তালেবান সরকারকে দুর্বল করা। তালেবান সরকার নারী-পুরুষ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের সবার শিক্ষা গ্রহণ ও চাকরি করার সুযোগ সংরক্ষিত রয়েছে। সে ব্যবস্থা সরকার গ্রহণ করবে।
সোমবার (২৭ ডিসেম্বর) কাবুলে তিনি এসব কথা বলেন।
এর আগে গত রোববার (২৬ ডিসেম্বর) তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী মাওলানা আব্দুল বাকি হক্কানি বলেছেন, আমরা মেয়েদের শিক্ষা গ্রহণের বিরোধী নই বরং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের সহশিক্ষা ব্যবস্থার বিরোধী। আমরা এমন একটি ব্যবস্থা চালু করার চেষ্টা করছি যেখানে ছেলে এবং মেয়েরা সম্পূর্ণ আলাদা পরিবেশে লেখাপড়া করতে পারে।











