অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে দেশে নতুন আইনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেছেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তবে সেটি হতে হবে আইনের বিধান সাপেক্ষে। কিন্তু সেই আইনটি এখন পর্যন্ত করা হয়নি। আমরা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নতুন আইন করার গুরুত্ব তুলে ধরেছি। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আইনটি হোক।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সেখানে পৌঁছলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে জিএম কাদের বলেন, বিভিন্ন সময় অনেকেই তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছেন। আমরা সংলাপে রাষ্ট্রপতিকে নতুন আইনের মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচনকালীন এ ধরণের সরকার ব্যবস্থা করার ব্যাপারেও মতামত জানিয়েছি।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান নির্বাচন কমিশন নির্বাহী বিভাগকে কাজে লাগাতে পারছে না। অথচ সংবিধানের ১২৬ ধারা অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে চিত্র উল্টো। নির্বাচন কমিশন নির্দেশ দিলেও নির্বাহী বিভাগ তা পালন করছেন না।










