ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য আমেরিকাকে দায়ী করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও অন্যতম প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।
আমেরিকার নৌ অবরোধ বহাল রাখা এবং লেবাননে ইসরাইলি হামলা বন্ধে ব্যর্থতাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের বড় প্রমাণ হিসেবে তুলে ধরেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, “গণহত্যাকারী ইসরাইল লেবাননে যুদ্ধাপরাধ অব্যাহত রেখেছে, এটা যুদ্ধবিরতি মেনে না চলার স্পষ্ট প্রমাণ।”
তিনি আরও বলেন, “প্রতিটি সিদ্ধান্তের একটি মূল্য আছে এবং তার দামও দিতে হয়।”
গালিবাফ বলেন, আমেরিকাকে বিশ্বাস করা যায় না। ইরানি জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না।
তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে আরও কঠোর শর্তযুক্ত নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। এতে দুই দেশের মধ্যকার মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।
আল জাজিরা জানিয়েছে, গালিবাফ বলেছেন, আমেরিকার নৌ অবরোধ বহাল থাকলে পূর্ণ যুদ্ধবিরতির কোনো অর্থ থাকে না। একই সঙ্গে সব ফ্রন্টে ইসরাইলি যুদ্ধবাজি বন্ধের কথাও উল্লেখ করেছেন তিনি।
ইরানের অবস্থান হলো, চাপ, অবরোধ ও হুমকির মাধ্যমে কোনো বাস্তব আলোচনা এগোতে পারে না। তেহরানের দাবি, শান্তি আলোচনা এগিয়ে নিতে হলে প্রথমে আমেরিকার অবরোধ ও ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে হবে।
সূত্র : আল জাজিরা, রয়টার্স











