spot_img
spot_img

মন্ত্রী মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে বিতর্কে বিএনপি নেতা খালেক

বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেকের। এবার বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে বিতর্কে জড়িয়েছেন তিনি। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খালেকের এমন বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শিরকের সঙ্গে তুলনা করছেন অনেকে।

শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক এমন মন্তব্য করেন।

তিনি বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ।

খালেকের এমন উক্তির সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে শোরগোল শুরু হয়ে যায়। অনেকে বলে ওঠেন অযোগ্যতার বহিঃপ্রকাশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাওলানা বলেন, মানুষকে নবীর সঙ্গে তুলনা করা শিরক। তাছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।

এছাড়া জেলা পরিষদের প্রশাসক খালেকের এমন সব বেফাঁস কথাবার্তা আর কর্মকাণ্ডে বিএনপিকে বারবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। খালেকের এসব কাণ্ডের দায় বিএনপি নেবে না বলে জানান দলটির একাধিক নেতা।

এর আগে গত ১৬ এপ্রিল সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে ভিআইপি প্রটোকল নিয়ে বিতর্কিত হন খালেক।

২০২৫ সালের ৭ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনী সদর উপজেলা তাঁতী দলের অনুষ্ঠানে এম এ খালেক বলেন, আমরা কখনো চাই না বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার। নির্বাচন-টির্বাচন গণতন্ত্র এগুলোর ধার ধারে না তারা। পরে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

এ দিকে অধ্যাপক খালেকের এমন সব বেফাঁস মন্তব্যে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছে দলীয় নেতাকর্মীরা। তার এসব কাণ্ডের দায় বিএনপি নেবে না বলে জানান দলটির একাধিক নেতা।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বলেন, ‘অধ্যাপক খালেক দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু ইদানীং বিভিন্ন সভায় তার বক্তব্য নিয়ে দলের নেতাকর্মীরা বিব্রত বোধ করছে। এটি আমরা আশা করি না।’

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘আমরা বিব্রত বোধ করছি। একজন প্রবীণ নেতা এমন বক্তব্য দিতে পারেন না। আমরা আশা করব, ভবিষ্যতে এমন বক্তব্য থেকে উনি বিরত থাকবেন।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ