spot_img
spot_img

ইরানকে চাপে ফেলতেই লেবাননে ইসরাইলি হামলা

লেবাননে চলমান হামলা বৃদ্ধির মাধ্যমে ইসরাইল মূলত পরোক্ষভাবে ইরানকে লক্ষ্যবস্তু করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।

কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দর আল এতাইবির মতে, ইসরাইল ভালো করেই জানে, ইরানকে সরাসরি স্পর্শ না করে আঘাত করার এবং দেশটির রক্তক্ষরণ ঘটানোর সবচেয়ে কার্যকর জায়গা হলো লেবানন।

এই হামলার পেছনে ইসরাইলের বহুমুখী কৌশলগত লক্ষ্য রয়েছে বলে উল্লেখ করেন এই বিশ্লেষক।

তিনি বলেন, চলমান পরিস্থিতির বিভিন্ন সম্ভাব্য পরিণতির প্রতিটিই ইসরাইলের অনুকূলে যেতে পারে।

প্রথমত, কোনো আলোচনা বা সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হলে ইসরাইল পুনরায় পূর্ণ মাত্রার যুদ্ধে ফিরে যাবে, যা তাদের মূল লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দ্বিতীয়ত, লেবাননকে যদি এমন এক চরম সংকটে ঠেলে দেওয়া যায়, যা দেশটিকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করবে, তবে তা ইসরাইলের জন্য আরও বেশি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে।

আর যদি এসবের কোনোটিই না ঘটে, তবে ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের বসতি সম্প্রসারণের দিকে এগিয়ে যাবে। ফলে যেকোনো পরিস্থিতিতেই ইসরাইল তার লক্ষ্য অর্জনে সফল হবে।

এদিকে আমেরিকার অবস্থান পরিবর্তনের বিষয়টিও এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ইস্যুতে ইসরাইলের ওপর আগে আরোপিত রেড লাইন বা সীমারেখাগুলো পুনর্বিবেচনা করেছেন।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান মার্কিন প্রশাসন এখন বুঝতে পেরেছে, লেবাননে ইসরাইলি হামলা মূলত ইরানের ওপর চাপ বাড়াতে কার্যকর ভূমিকা পালন করছে।

অধ্যাপক আল এতাইবি আরও সতর্ক করেছেন, এই ক্রমাগত বিমান হামলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ তেহরানকে কঠিন উভয় সংকটে ফেলবে।

এর ফলে ইরান হয়তো পুনরায় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে, যার পুরো দায় তাদের ওপর বর্তাবে। অথবা এই চাপের মুখে ইরান-লেবানন অক্ষ বা জোট ভেঙে যাবে।

দ্বিতীয় পরিস্থিতি ঘটলে তা মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রকল্প এবং তাদের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোর জন্য বড় ধাক্কা হবে।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ