spot_img

বিভিন্ন প্রকল্পের সমন্বয়হীনতার কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, চলমান মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রকল্প নির্ভর কাজ করা এবং সমন্বয়হীনতা ও সামগ্রিকভাবে চিন্তা না করার কারণেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গুচ্ছাকারে (পকেট) জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হচ্ছে।

বুধবার (৩০ জুন) রাজধানীর টিকাটুলী খেলার মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

তাপস বলেন, আজ এখান থেকে আমরা শনির আখড়া যাবো। আমরা কাজলা খাল উদ্ধার করেছি। কিন্তু তারপরও পানি নিষ্কাশন এখনো পুরোপুরি হচ্ছে না। সেখানকার প্রতিবন্ধকতা হলো, সেখানে প্রকল্প (মেট্রোরেল প্রকল্প) চলছে এবং সে প্রকল্পের কারণে পানি নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছি, দেনদরবার করছি। আসলে ঢাকা শহরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সামগ্রিকতা চিন্তা না করে প্রকল্প নির্ভর কাজ করার কারণে সমস্যাগুলো রয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, যাতে সমন্বয় করে কাজ করা যায় এবং দীর্ঘ মেয়াদে সমস্যার সমাধান করা যায়।

তাপস আরও বলেন, উন্মুক্ত জায়গায় বর্জ্য ফেলাতে এবং যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখাতে বা প্লাস্টিক জাতীয় বোতলগুলো ফেলাতে, সেগুলো গিয়ে নর্দমার মুখগুলো বন্ধ করে দিচ্ছে এবং ভেতরে বদ্ধ হয়ে যাচ্ছে। ফলে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা দেখছি, সেগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এবছর সে কাজের সুফল না পেলেও আগামী বছরগুলোতে নগরবাসী তা পাওয়া শুরু করবে। অবকাঠামো উন্নয়নে যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে, তা শেষ হলেই নগরবাসী ক্রমান্বয়ে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি লাভ করবে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ