ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খনি ও জ্বালানি মন্ত্রী শাইখুল হাদীস মাওলানা শাহাবুদ্দীন দেলাওয়ার বলেছেন, বর্তমান আফগান সরকারের পক্ষ থেকে নারীদের শিক্ষা গ্রহণের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বরং নারীদের শিক্ষা ও কাজের জন্য উপযুক্ত এবং উন্নত পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে।
গত রবিবার জাপানের রাষ্ট্রদূত তাকাশি ওকাদারের সাথে বৈঠককালে তিনি একথা জানান।
বৈঠককালে আফগানিস্তানের খনিতে বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতার ওপর জোর দেন মাওলানা শাহাবুদ্দীন দেলাওয়ার।
তিনি বলেন, বর্তমানে দেশে সার্বিক নিরাপত্তা সুদৃঢ় এবং বিনিয়োগের জন্য ভালো ও উপযুক্ত সুযোগ রয়েছে।
জাপানের রাষ্ট্রদূত তাকাশি ওকাদা আফগানিস্তান ও জাপানের মধ্যে দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান কখনোই আফগানিস্তানকে একা ছেড়ে যাবে না এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সহায়তা অব্যাহত রাখবে।
আফগানিস্তানে সহায়তার জন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে মাওলানা শাহাবুদ্দীন দেলাওয়ার বলেন, ইমারাতে ইসলামিয়া বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক চায়।
সূত্র : বাখতার নিউজ এজেন্সি











