আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলম বলেছেন, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু, পালকি পাঠিয়ে কাউকে আনতে পারব না।
সোমবার (৩১ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাম্প্রতিক ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, একদল লোক হামলা চালিয়েছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শাহরিয়ার আলম বলেন, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, চ্যালেঞ্জ ও সুযোগ উভয়ই নিয়ে আসছে। ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে নতুন নতুন সমস্যা বা চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো সমানভাবে পরিশ্রম করে মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলোও সুযোগ নিয়ে আসে।











